দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের চরাঞ্চলে সেতু ও বন্যামুক্ত পাকা সড়কের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা। এতে প্রায় ৫০ হাজার মানুষের দুর্ভোগ লাঘবের দাবি জানানো হয়।
রোববার দুপুরে ৬ নম্বর চর, পয়স্তীরচর ও গোয়ালপাড়া এলাকার বাসিন্দাদের উদ্যোগে দশানী নদীর পাড়ে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্থানীয়রা জানান, শেরপুর শহর থেকে মাত্র ১১ কিলোমিটার দূরের এই চরাঞ্চলের চারটি গ্রামে স্বাধীনতার পর ৫৫ বছরেও টেকসই সড়ক ও সেতু নির্মাণ হয়নি। ফলে বছরের ছয় মাস এলাকা পানিতে তলিয়ে থাকে। যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, আর শুষ্ক মৌসুমে ভ্যান ও ঘোড়ার গাড়ি।
দশানী ও ব্রহ্মপুত্র নদী এলাকার মাঝখান দিয়ে প্রবাহিত হওয়ায় গ্রামগুলো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে চার থেকে দশ ফুট পানির কারণে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, কৃষিপ্রধান এই চরাঞ্চলে ফসল পরিবহন করতে না পারায় কৃষকরা লোকসানের মুখে পড়ছেন। শিক্ষার্থী ও রোগীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
মানববন্ধনে সাবেক ইউপি চেয়ারম্যান মো. নওয়াব আলীর সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, কৃষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন। তিনি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।
এ বিষয়ে এলজিইডি শেরপুরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, চরাঞ্চলের দাবির পরিপ্রেক্ষিতে মাঠ পর্যায়ের জরিপ শেষ হয়েছে। বর্তমানে নকশা প্রণয়নের কাজ চলছে এবং দ্রুতই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম বলেন, অবহেলিত চরাঞ্চলের জন্য অন্তত একটি সেতু ও বন্যামুক্ত টেকসই সড়ক নির্মাণ অত্যন্ত জরুরি। এ বিষয়ে জাতীয় সংসদ ও সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হয়েছে। দ্রুত সমাধান আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমএস/